বুধবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে এনআইডি সেবা

১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩১  

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে সার্ভার বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব সেবা আগামী ২৮ ঘণ্টা বন্ধ থাকবে।

এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন শাখার জুনিয়র কনসালটেন্ট শফিকুল ইসলাম জানান, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, ‘সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলমান। রক্ষণাবেক্ষণের কাজ চলায় এনআইডি সংক্রান্ত সব সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

এর আগে, সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়েছিল।

তারও আগে গত বছর জুনে সার্ভার-জটিলতা নিয়ে ইসিকে লেখা চিঠিতে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) জানিয়েছিল, গত ফেব্রুয়ারিতে আধা ঘণ্টা, মার্চে প্রায় দুই ঘণ্টা এবং মে মাসে প্রায় সাড়ে ৩১ ঘণ্টা ইসির সার্ভারে বিভ্রাট দেখা গিয়েছিল। জুনেও তারা দুই দিন সার্ভারে ঢুকতে পারেনি।

প্রসঙ্গত, ২০২২ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৮৩৭ জন ভোটার এবং ১০ লাখ রোহিঙ্গার তথ্য রয়েছে।